অনলাইন জুয়া নিষিদ্ধ করল সরকার

দেশে অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করে নতুন সাইবার সুরক্ষা আইনের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, নতুন আইনে আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। যার ফলে পূর্ববর্তী সরকারের সময়ের প্রায় ৯০ শতাংশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এখন বাতিল হয়ে যাবে। নতুন আইনে অনলাইন জুয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা পূর্ববর্তী আইনে স্পষ্টভাবে উল্লেখ ছিল না। এছাড়া জাতির পিতা ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলাসহ আরও ৯টি ধারা বাতিল করা হয়েছে। এসব ধারায় দায়ের হওয়া প্রায় ৯৫ শতাংশ মামলা এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানান উপদেষ্টা। আইন উপদেষ্টা আরও জানান, এ বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ আইনের অনুমোদন দেওয়া হয়েছে— ১. সাইবার সুরক্ষা আইন ২. সীমানা পুনর্নির্ধারণ আইন ৩. সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) সংশোধনী সিপিসি সংশোধনের মাধ্যমে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর চলতি সপ্তাহেই সাইবার সুরক্ষা আইনটি চূড়ান্তভাবে কার্যকর হবে।

Comments