দেশের বিভিন্ন অঞ্চলে এখনো থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই অবস্থায় আজ সোমবার (২ জুন) সকাল ৯টার মধ্যে দেশের ১০ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সে সঙ্গে প্রবল বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, সোমবার (২ জুন) সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৪০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নেত্রকোণায় ১৭৯ মিলিমিটার ছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৩৫, চট্টগ্রামে ১২০, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০৩, ময়মনসিংহে ৯৪, টেকনাফে ৮৩, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮০, চট্টগ্রামের আমবাগানে ৬৩, রাঙামাটিতে ৫৬ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Comments
Post a Comment